শেয়ারবাজারে গত কয়েকদিন দরপতনের পর সোমবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৯৯ পয়েন্ট। সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। আগের দিনের তুলনায় লেনদেন ৪৮ শতাংশ বেড়েছে। তবে এখনও ডিএসই’র লেনদেন সাড়ে তিনশ’ কোটি টাকার নিচে রয়ে গেছে।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির লভ্যাংশ ঘোষণার সময় আসার কারণে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার আগ্রহ দেখা গেছে।
ডিএসইতে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ভালো মূলধনী কোম্পানিগুলো। এ কোম্পানিগুলোর দাম বেড়েছে ৩ শতাংশ।
এছাড়া দাম বাড়ার ক্ষেত্রে প্রায় সব খাত থাকলেও দীর্ঘদিন পর ব্যাংকিং খাতের শেয়ারগুলোর দর বৃদ্ধি হয়েছে লক্ষ্যণীয়ভাবে। এ খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ।
সামনে ব্যাংকের লভ্যাংশ দেয়ার সময় আসার কারণেই এ শেয়ারের চাহিদা বাড়ছে। এছাড়া টেলিকমিউনিকেশন খাতের কোম্পানির দাম বেড়েছে ৬ শতাংশ। আর জ্বালানি খাতের শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ। সিমেন্ট খাতের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল মঙ্গলবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪১ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০৯ কোটি ১৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৫৩টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ১৩ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৯ কোটি টাকা বেশি।
লেনদেনকৃত ২১২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।