লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে গত রবিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে গোলশূন্য ড্রয়ের পরও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। এ ড্রয়ের পেছনে কারণ হিসেবে দলের ছন্দহীনতাকেই দায়ী করলেন লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ।
ম্যানচেষ্টার ইউনাইটেড কোচকে নিজেদের মাঠের এ খেলায় চোটের কারণে আন্দার হ্যারেরা, হুয়ান মাতা ও জেসে লিংগার্ড মাঠ ছাড়লে প্রথমার্ধেই তিনজনকে বদলাতে হয়। প্রথমার্ধটা চোটহীন কাটেনি সফরকারী লিভারপুলেরও। ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো গোড়ালিতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ওই সময়ে। লিভারপুলের শীর্ষে ওঠার জন্য ড্রই যথেষ্ট ছিল। কোচ ক্লপ জানান, খেলোয়াড় বদলিয়ে পুনরায় শক্তি সঞ্চয় করা ইউনাইটেড তাদের ছন্দে ব্যাঘাত ঘটাতে সক্ষম হয়েছিল। এ কারণেই দুই পয়েন্ট কম নিয়েই ফিরতে হয়েছে লিভারপুলকে। জার্মান কোচ স্কাই স্পোর্টসকে বলেন, ‘এটা কঠিন। অদ্ভুতুড়ে এক ম্যাচ ছিল এটি। আমরা দারুণভাবে শুরু করেছিলাম, ঠিক যেমনটা চেয়েছিলাম। তারপরই ইনজুরি সমস্যা শুরু হলো, যা সত্যিই আমাদের ছন্দে ব্যাঘাত ঘটিয়েছিল। ইউনাইটেড নতুন মাঝমাঠ নিয়ে খেলছিল, তাদের আক্রমণভাগও নতুনই ছিল। আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম যা পরে ফিরে পেতে ব্যর্থ হয়েছিলাম।’ পয়েন্ট খোয়ানোর আফসোসও ঝরে পড়ল তার কণ্ঠে। ক্লপের ভাষায়, ‘এটা ছিল এমন একটা ম্যাচ যা ঘটনাবহুল ছিল না। এতে তীব্রতা ছিল। ইউনাইটেডের জন্য এটা একটি পয়েন্ট জয় কিন্তু আমাদের জন্য দুই পয়েন্ট হারানো। যখন ইউনাইটেড আর অপ্রতিরোধ্য নয়, তখন তাদের হারাতে হবে আমাদের এবং তা আমরা পারিনি। এই হচ্ছে পরিস্থিতি।’ ম্যানইউ কোচ ওলে গুনার সোলসার এই ড্রয়ে দলের চারিত্রিক দৃঢ়তার তারিফ করলেন। তার ভাষায়, ‘দলের চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে ভালো জ্ঞান লাভ করেছি আজ। কারণ প্রথমার্ধে দল বল পায়ে স্বচ্ছন্দে ছিল না। আমি দলকে এতোটা আড়ষ্ট দেখিনি, খুব সহজে বলের দখল হারাচ্ছিলাম আমরা। কিন্তু তার পরেও আমরা তা কাটিয়ে ওঠতে পেরেছিলাম।’
ইউনাইটেড আগামী বুধবার ক্রিস্টার প্যালেসের মুখোমুখি হবে। এরপর সাউদাম্পটনকে আতিথ্য দিয়েই ছুটবে প্যারিস অভিমুখে, যেখানে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে উঠতে হলে পাহাড় ডিঙাতে হবে কোচ সোলসারের দলকে। নরওয়েজিয়ান এ কোচ অবশ্য দলের বাকি খেলোয়াড়দের উপরও যথেষ্ট ভরসা রাখছেন। জানালেন চোট সমস্যার সঙ্গে লড়ার সামর্থ্য আছে তার দলের।
সোলসারের ভাষায়, ‘পেশিতে ও হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে কিছু খেলোয়াড় হারিয়েছি আমরা। কিন্তু আমাদের বাড়তি কিছু ভালো খেলোয়াড়ও আছে। বুধবারের ম্যাচে ১১ জনই মাঠে নামাতে সক্ষম হবো আমরা, এ নিয়ে চিন্তার কিছু নেই। সেরে ওঠার জন্য সৌভাগ্যক্রমে দুইদিন সময় পাচ্ছি আমরা।’