সাতকানিয়ায় ব্যারিকেড দিয়ে ডাকাতি

 
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী সাতকানিয়া-বাঁশখালী সড়কের ছনখোলা কাটা পাহাড় এলাকায় রবিবার রাতে ব্যারিকেড দিয়ে  ১৭টি সিএনজি চালিত অটোরিকশা ও ৩টি মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। ডাকাতরা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে।
জানা যায়, ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাত রাত ১০ টার দিকে সাতকানিয়া-বাশঁখালী সড়কের উপর সীমানা পিলারের ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে সাতকানিয়া থেকে বাঁশখালী এবং বাঁশখালী থেকে সাতকানিয়া উভয়মুখী গাড়িগুলোর  আরোহীদের সব কিছু ছিনিয়ে নেয়।  অটো রিকশা চালক আবদুল করিম ও মোটর সাইকেল আরোহী সলিম উল্লাহ বলেন, ‘আমরা  ছনখোলার কাটা পাহাড় এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ি। তারা ডাকাতি করে দক্ষিণের পাহাড়ের দিকে চলে যায়। ’ সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই জানান, সিএনজি ও মোটর সাইকেল ডাকাতির খবর শোনা মাত্রই তিনি ঘটনা স্থলেই পুলিশ পাঠিয়েছেন।