২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে : ড. মিজানুর

 
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, আমাদের উদ্দেশ্য ও মনোবল যদি সৎ হয় তাহলে পৃথিবীর কোন শক্তি নেই আমাদেরকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীতকরণে বাধা দিতে পারে।
তিনি বলেন, সহস্রাব্দ উন্নয়নে বাংলাদেশের সকল সূচক ভারতের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। দেশকে নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। তবে দেশকে নিয়ে আরো বেশি গর্ব করতে হলে, আরো বেশি করে ভালোবাসতে হবে। দেশের মানুষের জন্য ভালো ভালো কাজ করতে হবে।
তিনি সোমবার রংপুরে নগরীর আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ আয়োজিত প্রতিষ্ঠানটির প্রকাশিত প্রথম সাময়িকী ’অরুণিমা’র মোড়ক উন্মোচন ও ‘আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ মমতাজ উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমুখ। 
সভাপতিত্ব করেন স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আলহাজ্ব মোস্তফা সোহরাব চৌধুরী টিটু। 
মানবাধিকার চেয়ারম্যান বলেন, আমাদের দেশের নারীরা অনেক চ্যালেঞ্জিং ও ভাল কাজ করতে পারেন। তার উদাহরণ এভারেস্ট জয়ের মত অত্যন্ত কষ্টকর কাজেও বাংলাদেশী নারীদের সাফল্য রয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘দেশীয় সংস্কৃতির সুষ্ঠু বিকাশ নিশ্চিতকরণে বিদেশী স্যাটেলাইট চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করা উচিত’ শীর্ষক আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন। 
এর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনা করেন ’সুরমা হাউজ’ দলের বিতার্কিক ওয়াহিদা মিন্নি, সুমাইয়া সীন ও মাহফুজা আক্তার (দলনেতা) এবং বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ’যমুনা হাউজ’ দলের বিতার্কিক সামিয়া মাইশা, সিরাজুম মনিরা ও ইশরাত জাহান (দলনেতা)। 
অনুষ্ঠানে বিচারক ছিলেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আযাহারুল ইসলাম ও ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ বেতারের রংপুর কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালন করেন রংপুর চেম্বারের পরিচালক শাহ্ মোহাম্মদ সেলিম। 
যুক্তিতর্ক উপস্থাপন ও বিচারকদের রায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মিজানুর রহমান বিতর্কের বিষয়ের বিপক্ষে অবস্থান নেয়া ’যমুনা হাউজ’ দলের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।