প্রিমিয়ার ফুটবল লিগে আগামীকাল মোহামেডান আবাহনীর লড়াই। এক সময়ের ঐতিহ্যবাহী এ ফুটবল লড়াইয়ে এখন আর আগের মতো জৌলুস নেই। ঐতিহ্যের দেয়ালে শ্যাওলা পড়েছে। অনেক ঢাকডোল পিটিয়েও স্টেডিয়ামে দর্শক জমা করা যায় না। তারপরও অনেকের কাছে এই দুই দলের খেলায় বাড়তি আকর্ষণ আছে। দেশের সবচেয়ে বড় দুটি সংগঠন বলে কথা। খেলোয়াড় যাই হোক। সাবেক জাতীয় দলের ফুটবলার আরিফ খান জয় দেশের সামগ্রিক ফুটবল নিয়ে বলেছিলেন, ‘শিল্পী না থাকলে শিল্পের কদর থাকে না।’ কথাটা সঠিক। তারপরও মোহামেডান-আবাহনী যেমনই হোক তাদের পারফরম্যান্স। মনের মধ্যে একটা টান থাকে। যাদের সেই টান আছে তারাই আগামীকাল মাঠে যাবেন। কতোটা মন ভরে আসতে পারবেন তা বলা কঠিন। তবে কালকের ম্যাচ নিয়ে এটুকু বলা যায় আবাহনীর চেয়ে তুলনায় মোহামেডান এখন অনেক পিছিয়ে। ধাবমান হরিণের মত মোহামেডান যেন নিচের দিকেই যাচ্ছে। আর আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করছে। শীর্ষস্থান নিয়ে ভাবছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে।