হ্যাটট্রিক করে বিশ্বরেকর্ড তাইজুলের

কয়েক মাস আগেই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা তাইজুল ইতিমধ্যে টেস্ট ক্রিকেটে নানাভাবে নিজেকে বাংলাদেশের রেকর্ড বইয়ে তুলে নিয়ে গেছেন। গতকাল বাংলাদেশের রেকর্ড বইয়ে নয়, বিশ্ব ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন একটা অধ্যায় লিখে ফেললেন এই বাঁহাতি স্পিনার। ওয়ানডে ক্রিকেটের প্রায় ৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বোলার অভিষেকেই হ্যাটট্রিক করে ফেললেন!

হ্যাটট্রিক না করতে পারলেও তাইজুলের বোলিং ফিগারটা বাধিয়ে রাখার মতোই থাকতো। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে এসে প্রথম খেলতে নেমে ৭ ওভার বল করে খরচ করলেন মাত্র ১১ রান; যার দুটিই মেডেন ওভার এবং তুলে নিলেন ৪টি উইকেট!
নিজের বোলিং সম্পর্কে বলতে গিয়ে খুব আন্তরিকতার সঙ্গেই বললেন, ‘আমি তো তেমন কিছু করিনি। মুশফিক ভাই উইকেটের পেছন থেকে বললো, স্ট্যাম্পে বল কর; তাহলে উইকেট পাবি। আমি তাই করে উইকেট পেলাম।’
তাইজুল সম্পর্কে জিম্বাবুয়ের কোচ স্টিফেন ম্যাংগোগো বললেন, যেভাবে তাইজুল অসাধারণ ফ্লাইট দিয়ে, জায়গামতো বল ফেলে তার ব্যাটিং অর্ডারকে ছেঁটে দিয়েছেন, সেটা অসাধারণ। বাংলাদেশের অধিনায়ক মাশরাফিও বললেন, ‘হ্যাটট্রিক করাটা হয়তো ভাগ্যের ব্যাপার। কিন্তু ও যেভাবে বল করেছে, তা অসাধারণ। একটা দারুণ জায়গায় বল করেছে। ওদের শটই খেলতে দেয়নি।’

আর এর ফলই বিশ্ব ক্রিকেটের এক ইতিহাস হয়ে গেলেন তাইজুল। অভিষেকে হ্যাটট্রিক করা ‘প্রথম’ ও ‘একমাত্র’ ক্রিকেটার এখন তাইজুল। ‘একমাত্র’ শব্দটা হয়তো একসময় কেউ কেড়ে নিতে পারবেন; কিন্তু ‘প্রথম’ শব্দটা আজীবন থেকে যাবে তাইজুলের সঙ্গী হয়ে।