বিরূপ আবহাওয়ায় শুরু হয়নি চট্টগ্রাম ১ম বিভাগ ক্রিকেট

বিরূপ আবহাওয়ার কারণে গতকাল সোমবার চট্টগ্রাম প্রথম বিভাগ ক্রিকেট লিগের কোয়ালিটি স্পোর্টস ক্লাব ও নিমতলা লায়ন্স ক্লাবের মধ্যকার উদ্বোধনী দিনের খেলাটি শুরু করতে পারেনি সিজেকেএস ক্রিকেট কমিটি। সকালের শুরুতেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি হওয়ায় এমএ আজিজ স্টেডিয়ামের ক্রিকেট উইকেট ও তার আশপাশ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ার কারণে কোনো দলকে মাঠে নামতে হয়নি আর। গতকাল সন্ধ্যা পর্যন্ত গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে আজ মঙ্গলবারও বল মাঠে গড়াবে কিনা সন্দেহ পোষণ করেছেন ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর।