নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামে মঙ্গলবার দুপুরে একটি ধান খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। গত ৯ নভেম্বর একই এলাকা থেকে সাতটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটেছিল। কিন্তু পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন জানান, স্থানীয়দের ভাষ্যমতে, ওই গ্রামের মোস্তফা নামে এক ব্যক্তির ধান খেতে কালো টেপ দিয়ে মোড়ানো ছিল ককটেলগুলো। পরে সেগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়।
ওই কর্মকর্তার ভাষ্যমতে, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পুলিশী টহল থাকার কারণে দুর্বৃত্তরা নিজেদের বাঁচাতে ককটেলগুলো মাঠের মধ্যে ফেলে রেখে যান। এ নিয়ে সাধারণের ভয়ের কারণ নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।