ভারতে পাচারকালে ৬ যুবককে উদ্ধার

অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬ যুবককে উদ্ধার এবং পাচারকারী দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে। এসময় পাচারকারী ভারতের কেরালা প্রদেশের বালানজেরী থানার ককট্টারামপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩০) এবং বাংলাদেশি নাগরিক রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবর আলীর ছেলে রাজু আহম্মেদকে (২২) বিজিবি আটক করে। ভারতীয় নাগরিক রফিকুলের নিকট থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করেছে বিজিবি।
বিজিবি’র মীরগঞ্জ সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশের ভূমি অফিস এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের প্রস্তুতির সময় ৬ যুবককে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃতরা হলেন, চারঘাট উপজেলার রাওথা গ্রামের আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮), একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সুমন আলী (১৮), জামাল উদ্দিনের ছেলে মিঠুন আলী (১৬), বড়বড়িয়া গ্রামের দুলাল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (১৮) এবং নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সবুজ আলী (১৮) ও আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম রবি (২২)।
ভুক্তভুগী যুবকরা জানান, ভারতের সোয়াবিন ফ্যাক্টরীতে চাকুরী দেয়ার কথা বলে তাদের প্রত্যেকের নিকট থেকে ৬ হাজার টাকা করে নিয়ে রফিকুল ইসলাম ও রাজু আহম্মেদ তাদের ভারতে নিয়ে যাচ্ছিল।
বিজিবির আলাইপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার সারোয়ার হোসেন জানান, ভারতীয় নাগরিক রফিকুল ইসলাম গত ২৭ নভেম্বর পাসপোর্টে ভিসা লাগিয়ে দর্শনা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করেন। এরপর রফিকুল বাংলাদেশি নাগরিক রাওথা এলাকার রাজু আহম্মেদের সাথে যোগাযোগ করে মীরগঞ্জ আসেন এবং ভারতে বড় কোম্পানিতে বেশি বেতনে চাকরির প্রলোভন দিয়ে বেকার যুবকদের পাচার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হন মীরগঞ্জ ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজ। তিনি বলেন, আটককৃদের বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর ও এজাহার দাখিল করা হয়েছে।