নভেম্বরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

 
 
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের মাসের তুলনায় নভেম্বর মাসে বিদেশি বিনিয়োগ কমেছে। নভেম্বর শেষে ডিএসইতে প্রকৃত বিদেশি বিনিয়োগের দাঁড়িয়েছে প্রায় ১৮২ কোটি টাকা। অক্টোবরে ছিল প্রায় ১৯৫ কোটি টাকা। অর্থাত্, আগের মাসের তুলনায় গত মাসে প্রকৃত বিদেশি বিনিয়োগ কমেছে ১৩ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে— নভেম্বরে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৫১৪ কোটি টাকার শেয়ার লেনদেন করেছেন। এর মধ্যে ৩৪৮ কোটি টাকার শেয়ার কিনেছেন বিদেশি বিনিয়োগকারীরা। তার বিপরীতে বিক্রি করেছেন ১৬৫ কোটি টাকার শেয়ার। আর অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৪১০ কোটি টাকার শেয়ার লেনদেন করেছিলেন। এর মধ্যে প্রায় ৩০৩ কোটি টাকার শেয়ার কিনেছেন। বিক্রির পরিমাণ ১০৭ কোটি টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন— বাজারে বিদেশি বিনিয়োগ ওঠা-নামা করে সাধারণত বাজারের লাভজনক পরিস্থিতির ওপর বিবেচনা করে। নভেম্বর মাসের শুরুর দিকে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকায় সে সময় ক্রয়ের পরিমাণ কিছুটা কম ছিল। তবে মাসের শেষের দিকে সূচক কমার সাথে-সাথে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনার পরিমাণও বাড়ছে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে বাজারে যত বিদেশি বিনিয়োগ আসবে বাজার তত সমৃদ্ধ হবে।