দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস রবিবার মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অপর একটি গাড়িকে ধাক্কা দেয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। কেপ টাউনের ক্যাম্পস বে এলাকায় ওই দিন সন্ধ্যায় তার গাড়ি অপর একটি গাড়িকে ধাক্কা দেয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা করেছে। মঙ্গলবার এনডিটিভিতে এ খবর প্রকাশ করা হয়।
ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র ফন উইক জানিয়েছেন, আগামী বছরের ২৫ নভেম্বর কেপটাউন ম্যজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে গিবসকে।
দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ৯০টি টেস্ট খেলে ৬১৬৭ রান করেন। এর মধ্যে রয়েছে ১৪ সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। ২৮৪টি ওয়ানডেতে তার ২১ সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরিসহ রান ৮০৯৪।