গাজীপুর সদর উপজেলার চক্রবর্তী এলাকায় মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহত নিজাম উদ্দিন (৩৫) সাভারের আশুলিয়া এলাকার মৃত নজর আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাকির হোসেন জানান, নিজাম উদ্দিন চক্রবর্তী এলাকায় বসবাস করে জমি কেনা-বেচার ব্যবসা করতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে কিছু দূরে জনৈক ‘বক্করের-টেক’ নামক এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, নিহতের মাথা, গলা, ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।