ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিয়নেল মেসি এবং ম্যানুয়েল ন্যুয়ারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বায়ার্ন মিউনিখ তারকা আরিয়েন রবেন বলেছেন, সেরা তিনজন খেলোয়াড়ই ২০১৪ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত তালিকায় স্থান করে নিয়েছেন।
গত এক বছরে ক্লাব এবং দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই ডাচ উইঙ্গারও এবারের তালিকায় বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনজনের মধ্যে তার জায়গা হয়নি। বায়ার্নের হয়ে টানা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগায় শিরোপা জেতার পরে রবেন নেদারল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালের পথ দেখিয়েছিলেন। সেখানে আর্জেন্টিনার কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে বিদায় নিতে হয় ডাচদের। দারুণ ফর্মে থাকা সত্তেও সতীর্থ পেশাদার ফুটবলারদের ভোটে শেষ পর্যন্ত তিনজনের তালিকায় জায়গা হয়নি ৩০ বছর বয়সী রবেনের। কিন্তু এই নিয়ে কোনো ধরনের অভিযোগ না করে বরং সেরা তিনজনের প্রশংসাই করেছেন অসাধারণ প্রতিভাবান এই উইঙ্গার।
তিনি বলেন, ‘তারা এই পুরস্কারের যোগ্য। কারণ তারা তিনজনই অসাধারণ খেলোয়াড়। এটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়, কাজেই এখানে আমার করার কিছু নেই। আমার হাতে কিছু নেই। গত বছরটা আমার দারুণ কেটেছে এবং আমার পক্ষে যা সম্ভব আমি তাই করার চেস্টা করেছি। কিন্তু এরপরেও আরো কিছু খেলোয়াড় রয়েছে যারা সত্যিকার অর্থেই ভাল খেলেছে।’
রবেনের এই বাদ পড়া কোনভাবেই মেনে নিতে পারেননি বায়ার্ন চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে। জার্মানির সাবেক এই কিংবদন্তী তারকা পুরো বিষয়টিকে অত্যন্ত ‘লজ্জাজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে পুরো মৌসুমে ৫১ ম্যাচে ২৩ গোল করার পরেও রবেনের বাদ পড়াটা সত্যিই দু:খজনক।
কিন্তু এই মন্তব্যের বিপরীতে রবেন বলেছেন, রুমেনিগের আবেগকে আমি শ্রদ্ধা জানাই। সে সবসময়ই আমার সাফল্যকে দারুণ প্রশংসা করেছে। কিন্তু সতীর্থরা এই তালিকা বেছে নিয়েছে এবং তারা বিশ্বের সেরা তিনজন খেলোয়াড়কেই বাছাই করেছে।