বেশ কয়েকদিন শেয়ারবাজারে সূচক কমার পাশাপাশি লেনদেন কমে যাওয়ার পর পর তিনদিন সূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। আশার দিক হলো বুধবার লেনদেনেও গতি ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে পাঁচশ’ কোটি টাকার বেশি। নয় কার্যদিবস পর ডিএসইতে লেনদেন হয়েছে পাঁচশ কোটি টাকার উপরে। এদিকে অনেক দিন পর ডিএসইতে ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। ব্যাংকের সব শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের লভ্যাংশ দেয়ার সময় হওয়ায় এ কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ডিএসই’র সার্বিক সূচক ৫ হাজারের কাছাকাছি চলে এসেছে।
এছাড়া দুদিন ধরে বাজার ঊর্ধ্বমূখী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে। এজন্য বেড়েছে নতুন বিনিয়োগ। যা বাজারের মোট লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে। ডিএসই’র লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বেড়েছে। এদিকে জ্বালানি, ওষুধ ও ব্যাংকিং খাত ছিল বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে। এ তিন খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ৪৯ ভাগ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১৬ কোটি ৫৩ লাখ টাকা।
যা আগের দিনের চেয়ে ১৪২ কোটি ৯৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৩৫টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৮৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হয়েছে ৩৫ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই আজিজ পাইপস ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বাড়ছে। দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিশ দেয়ার প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে ৫ কার্যদিবস ধরে বাড়ছে আজিজ পাইপসের শেয়ার দর। আর অলটেক্স ইন্ডাস্ট্রিজের দর বাড়ছে তিন কার্যদিবস ধরে।