রাজশাহী মহানগরীর ক্রমবর্ধমান দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা ও কারিগরি দক্ষতা উন্নয়নের জন্য জার্মান ভিত্তিক সংস্থা (জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন) জিআইজেড প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এ লক্ষ্যে আগামী ১৬ থেকে ২১ ডিসেম্বর মৌলভীবাজারে আয়েজিত রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশনসহ কয়েকটি পৌরসভা অংশগ্রহণ করবে।
কর্মশালায় আমন্ত্রণ জানাতে জিআইজেডের তিন সদস্যের এক প্রতিনিধি দল বুধবার দুপুরে নগরভবনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে সাক্ষাত্ করেন। এসময় মেয়র তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের পরিকল্পনার সর্ম্পকে বলেন, ‘রাজশাহী মহানগরী পূর্বে কাটাখালী ও উত্তরে নওহাটা পর্যন্ত বর্ধিত হতে পারে।
এই সমপ্রসারিত এলাকাসহ গোটা নগরীকে সুন্দর, পরিচ্ছন্ন হিসেবে নির্মাণের জন্য আমাদের পরিকল্পনা থাকবে।’ প্রতিনিধি দলের নেতা জিআইজেডের এনহ্যান্সিং আরবান গভর্নেন্স প্রজেক্টের টিম লিডার মোহাম্মদ হামিদুল ইসলাম চৌধুরী রাজশাহী মহানগরীকে একটি ব্যতিক্রম সিটি হিসেবে মন্তব্য করে বলেন, ‘এখানে যেমন মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, তেমনি রাস্তা ও পরিবেশ বেশ পরিচ্ছন্ন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব একেএম মাসুদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোঃ মাহাবুবুর রহমান।