নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকায় গত মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। মধ্যরাতের উপর্যুপরি গুলির শব্দে এলাকাবাসীর মাঝে আতংক দেখা দেয়। এসময় গ্রামবাসী ও পুলিশ সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ীদের ঘেরাও করে। দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী। আটককৃতরা হচ্ছেন চাটখিল উপজেলার পরকোট গ্রামের রুহুল আমিনের ছেলে ইয়াবা সম্রাট ও সন্ত্রাসী মুজাহিদুল ইসলাম ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে সোহেল। উত্তেজিত জনতা সন্ত্রাসীদের বহনকারী একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে মুজাহিদের ব্যবহূত গুলিভর্তি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারলেও সোহেলের আগ্নেয়াস্ত্রটির হদিস পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনার সময় চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। চাটখিল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন জানিয়েছেন, আটককৃতরা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে চাটখিল ও রামগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।