ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঘোষণা করেছে। মো. মোস্তাফিজুর রহমানকে ভিপি (সহ-সভাপতি) এবং মো. আনিসুর রহমান খন্দকার অনিককে জিএস (সাধারণ সম্পাদক) করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে হল সংসদের প্যানেলও ঘোষণা করা হয়েছে। এর আগে ছাত্রলীগের প্যানেল ঘোষণার পর থেকেই পদবঞ্ছিত ও ক্ষুব্ধ নেতারা বিক্ষোভ মিছিলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করে আসছিল। এমনকি একটি হলের ভিপি প্রার্থীকে ধাওয়া দেয়ার ঘটনাও ঘটেছে। এবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বিদ্রোহীরা একটি প্যানেল ঘোষণা করে ছাত্রলীগের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছে। অন্যদিকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিনে গতকাল ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য নিজেদের প্যানেল ঘোষণা করেছে কোটা আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এছাড়া প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য যৌথ প্যানেল দিয়েছে।
গতকাল রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আকরামুল হাসান ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান।
ছাত্রদল ঘোষিত ডাকসু প্যানেলে আরও রয়েছেন খোরশেদ আলম সোহেল (সহ-সাধারণ সম্পাদক- এজিএস), জাফরুল হাসান নাদিম (স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক), মাকসুদুর রহমান (বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), কানেতা ইয়ালাম (কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক), আশরাফুল আলম উজ্জ্বল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মিনহাজ আহমেদ প্রিন্স (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), কাইয়ুম উল ইসলাম (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মনিরুজ্জামান মামুন (ক্রীড়া সম্পাদক), মাহফুজুর রহমান চৌধুরী (ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক) এবং তৌহিদুল ইসলাম (সমাজ সেবা সম্পাদক)।
এছাড়াও, সদস্য পদে রয়েছেন- হাবিবুল বাশার, শাহিনুর ইসলাম, ইকবাল হোসাইন, সাইদ বিন আনোয়ার, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন এবং আবুল বাশার।
ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলে
ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী করা হয়েছে মো. সোহান খানকে। যিনি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। যিনি ছাত্রলীগ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে মো. রনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক তামজিদ হোসেন তামিম, সাহিত্য সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক গাজী নাহিদ হোসেনকে প্রার্থী করা হয়েছে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল
গতকাল বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নিজেদের প্যানেল ঘোষণা করে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন পরিষদের আহবায়ক হাসান আল মামুন। এ সময় তিনি ২৫ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও ১৩ সদস্যের হল সংসদের জন্য আলাদা আলাদা প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন দেয়া হয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরকে, সাধারণ সম্পাদক পদে রাখা হয়েছে পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ খানকে আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন দেয়া হয়েছে প্লাটফর্মের আরেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেনকে। ডাকসুর শীর্ষ তিন পদে প্লাটফর্মের তিন গুরুত্বপূর্ণ নেতা নির্বাচন করলেও প্রার্থী হচ্ছেন না আহ্বায়ক হাসান আল মামুন।
প্যানেলে সম্পাদক পদে আরও রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক কামরুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক পদে আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক মামুনুর রশীদ, ছাত্র পরিবহন সম্পাদক রাজিবুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। সদস্য পদে মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে রয়েছেন উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আবদুল্লাহ, সাদ আল মাসানী, ইমরান হোসেন, শাহরিয়ার আলম সৌম্য প্রমুখ।
প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য যৌথ প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্য সম্মিলিত প্যানেল ঘোষণা করেছে।