নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে আদালতের বাথরুম ও অজুখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে কেউ হতাহত না হলেও বাথরুমের জানালার গ্লাসগুলো ভেঙে গেছে। তবে এটা কিসের বিস্ফোরণ সেটা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি। ঘটনাস্থলে বেশ কয়েকটি কয়েন পড়ে ছিল।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জোনের এএসপি এহসানউদ্দিন চৌধুরী জানান, এটা কিসের বিস্ফোরণ সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, বিস্ফোরণের বিকট শব্দে আদালতের আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে অবকাশকালীন ছুটি থাকায় আদালত বন্ধ ছিল। আমাদের আইনজীবীদের কিছুদিন আগে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। ওই সময়ে প্রশাসন বিষয়টির প্রতি নজর দিলে হয়তো এখন এ ধরনের ঘটনা ঘটত না।