কুমিল্লায় অপহরণের ২০ দিন পর প্রায় ২০ ফুট মাটির নীচ থেকে সেলিম নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার তিতাস উপজেলার একটি ধানী জমির মাটি খুঁড়ে ওই ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় ৪ জনকে আটক করেছে।
জানা গেছে, জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের ব্যবসায়ী তিতাস উপজেলার সেলিমকে (২৬) গত ১৪ নভেম্বর বিকালে উপজেলার মজিদপুর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই বাদী হয়ে তিতাস থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দড়িকান্দি গ্রামের সুমন, আজহার, সালাউদ্দিন ও আনোয়ার নামে ৪ জনকে আটক করে। তিতাস থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, আটককৃতদের দেখানো মতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবপুর গ্রামের একটি জমির মাটি খুঁড়ে আনুমানিক ২০ ফুট নীচ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। বিকাল পৌনে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।