ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব বাস পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের পদ বঞ্চিতরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা বাসটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় চালক আহত হন।
শৈলকুপা থানার ওসি মো ছগির মিয়া ও বাসের চালক আলি হাসান বিশ্বাস জানান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ঝিনাইদহে নামিয়ে বাসটি ক্যাম্পাসে ফিরছিল। গাড়াগঞ্জে পৌঁছলে একদল ছাত্র বাসে হামলা চালায়। চালককে মারপিট করে। তারপর বাসে আগুন ধরিয়ে দেয়। শৈলকুপা থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগে আগুন লাগার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মো শামিম হোসেন মোল্লা জানান, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। সুজনের নের্তৃত্বে পদ বঞ্চিতরা এ কাজ করেছে।
উল্লেখ্য, গত রবিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুইটি বাসের মধ্যে চাপা পড়ে একজন ছাত্র নিহত হয়। তারপর বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে তাণ্ডব চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিহনে নিয়োজিত ৪০টি বাস ভাংচুর করে ও পুড়িয়ে দেয়। তারপর কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়।