ক্রিকেট ব্যাট বহন করে বেলজিয়ামে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত হয়েছেন পাকিস্তানি এক ক্রিকেটার। এমনকি তার পরিবারকে এখন বেলজিয়াম ছাড়তে হচ্ছে। দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে।
গণপরিবহনে একটি ক্রিকেট ব্যাট বহন করে ‘সন্ত্রাসী’ হিসেবে পরিচিতি পাওয়ায় ২২ বছর বয়সী ঐ ক্রিকেটার এবং তার পুরো পরিবার বেলজিয়ামে বসবাস করার অধিকার হারাচ্ছে।
পাকিস্তানি ক্রিকেটার ২২ বছর বয়সী আসিম আব্বাসি ‘সমাজ বিরোধী’ হিসেবে সতর্ক বার্তা পেয়ে পত্রিকার শিরোনাম হয়েছেন। পত্রিকাটি ব্যাট বহন করা আব্বাসির একটি ছবিও প্রকাশ করে। যা দেখতে একটি রাইফেলের মতো। কিন্তু মূলত সেটা ছিল তার ক্রিকেট ব্যাট।
গণমাধ্যমে নিজকে এভাবে চিহ্নিত হতে দেখার পরপরই আব্বাসি স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং তার বহন করা বস্তুটি অস্ত্র নয়, ক্রিকেট ব্যাট বলে ব্যাখ্যা করে। নিজের অনুশীলনে যাওয়ার পথে তিনি ব্যাটটি বহন করছিলেন বলেও পুলিশকে জানান। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে ব্যাটটি আমি শার্টের ভিতর লুকিয়ে রেখেছি এবং বৃষ্টিতে ব্যাটটি ভিজে গেলে আমি ঠিক মতো বল খেলতে পারতাম না।’
একজন কূটনীতিক হিসেবে সাত সদস্যের পরিবার নিয়ে বেলজিয়ামে বসবাস করছিলেন আব্বাসির বাবা। পুলিশের কাছে বিস্তারিত ব্যাখ্যা করা সত্ত্বেও পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণœ করায় পাকিস্তান দুতাবাস তার বাবাকে বরখাস্ত করায় বেলজিয়ামে বসবাস করার অধিকার হারিয়েছে পুরো পরিবারটি। আব্বাসির বাবা বলেন, ‘দুতাবাস থেকে ফোন করে আমাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে।’
আব্বাসি বলেন, ‘আমরা বেলজিয়ামে থাকার অধিকার হারিয়েছি। আমার শিক্ষা জীবন শেষ হয়ে গেল, আমি সব কিছুই হারিয়ে ফেলেছি।’
ক্রিকেটার আব্বাসির কাছে ক্ষমা না চাওয়ায় বেলজিয়াম পুলিশ দারুণ সমালোচিত হচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্য তার বিষয়টি দেখার দায়িত্ব নিয়েছেন। তবে পাকিস্তানী দুতাবাস কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।