সার্জিও এগুয়েরোর ধারাবাহিক পারফরমেন্সে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে আর্জেন্টাইন তারকার দুই গোলে সান্ডারল্যান্ডকে ৪-১ গোলে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসির সাথে ভালই লড়াই চালিয়ে যাচ্ছে সিটিজেনরা।
২১ বছর বয়সী সান্ডারল্যান্ডের স্ট্রাইকার কনোর উইকহ্যামের গোলে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা সেই ধাক্কা সামলে নিজেদের টানা চতুর্থ জয় নিশ্চিত করেছে। অনেকটা অপ্রতিরোধ্য হয়ে ওঠা এগুয়েরো ও স্টিভেন জোভেটিচের গোলে বিরতির আগেই এগিয়ে যায় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। পাবলো জাবালেটা তৃতীয় গোল করার পরে ম্যাচ শেষের ১৯ মিনিট আগে এগুয়েরো তার দ্বিতীয় গোল পূর্ণ করেন। স্টেডিয়াম অফ লাইটে নিজেদের মাঠে আগের ম্যাচেই সান্ডারল্যান্ড চেলসির সাথে গোলশুন্য ড্র করে অঘটন ঘটিয়েছিল। কিন্তু সিটির সাথে মূলত কোনো প্রতিরোধই গড়তে পারেনি স্বাগতিকরা। ১৪ ম্যাচ পরে চেলসির সাথে সিটির পয়েন্টে ব্যবধান এখন ছয়।