জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বাংলাদেশের সমাজের সর্বস্তরে এখন কালবৈশাখী ঝড় প্রবেশ করেছে। এ ঝড় প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।’ তিনি বলেন, ‘পিএসসিতে প্রশ্নপত্র ফাঁসই তার প্রমাণ। প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিশুদের শুরুতেই শেখানো হচ্ছে অনৈতিক কর্মকা-। কিন্তু সরকার প্রশ্নপত্র ফাঁসরোধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না।’
বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ এই মন্তব্য করেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বলেন, ‘সরকার প্রশ্নপত্র ফাঁসরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমি জীবনে কখনো শুনিনি, প্রাথমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। প্রধানমন্ত্রীর বিশেষ এই দূত বলেন, আমাদের এতটাই অবক্ষয় হয়েছে যে, ফাঁস করা প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হয়। আর অভিভাবকেরা তাঁদের কোমলমতি সন্তানদের সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র প্রদান করছেন। এভাবেই শিশুদের শেখানো হচ্ছে অনৈতিক কর্মকাণ্ড।’