বাল্যবিয়ে থেকে রক্ষা পেল পিএসসি পরীক্ষার্থী, বর আটক


নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক পিএসসি পরীক্ষার্থী। আটক করা হয়েছে বিয়ে করতে আসা পাত্রকে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত কাজীর সহকারী ও পাত্রকে এক মাস করে কারাদ- প্রদান করেছে। এছাড়াও কনের মা শাহিনুর বেগম ও বরের পিতা মো. জিন্নাহ প্রত্যেককে এক হাজার টাকা অর্থদ- করা হয়।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউছুল আজম এ দ- প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কাজীর সহকারী মহিউদ্দিন ৪১ নং উত্তর চাষাঢ়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। বর আলম শহরের জামতলা এলাকার মো. জিন্নাহ’র ছেলে।
ইউএনও জানান, গত ১৫ আগষ্ট আলমের সঙ্গে পিএসসি পরীক্ষার্থীর মৌখিকভাবে বিয়ে পড়ান কাজী বাসিরুল হকের সহকারী মহিউদ্দিন। তবে কাজীর রেজিষ্টারে ওই বিয়ের কোন এন্ট্রি ছিল না। শুক্রবার দুপুরে মেয়েটির পিত্রালয়ের বিবাহের অনুষ্ঠান হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যান স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন। পরে সদর ইউএনও গাউছুল আজম খবর পেয়ে অভিযান চালিয়ে বৃষ্টিকে উদ্ধার করে কাজী অফিসে নিয়ে আসেন।