এক বছরেও কান্না থামেনি আট পরিবারে

২০১৩ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় র্যাব-১ ৩৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমনসহ ৬ জনকে আটক করে বলে অভিযোগ সুমনের পরিবারের। একই দিন রাত ২ ঘটিকার দিকে শাহীনবাগের নিজ বাসা থেকে আদনান ও কাওসারকে র্যাব সদস্যরা তাদের পিতা-মাতার সামনে থেকে তুলে নিয়ে যায়।

এক বছর হয়ে গেলেও এদের কেউ এখনো ফিরে আসেনি। র্যাবের কর্তাদের কাছে বার বার জানালেও কোন ব্যবস্থা নেয়নি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ ৮ জনের স্বজনরা এসব দাবি করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন।
নিখোঁজ আটজন হলেন— সাজেদুল ইসলাম সুমন, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভূঁইয়া মাসুম, মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল-আমিন, এএম আদনান চৌধুরী এবং কাওসার। 
সংবাদ সম্মেলনে বলা হয়, নিখোঁজ সুমনের স্ত্রী নাসিমা এবং তার দুই শিশুকন্যা আরোয়া ও রাইয়া ইসলাম পিতার অপেক্ষায় এখনও দিন গুনছে। ঘটনাস্থল ভাটারা থানাধীন হলেও পুলিশ জিডিও গ্রহণ করেনি।
‘শুধু বাসা থেকে বের হওয়ার পর বাসায় ফিরে আসেনি’ এটা লেখার শর্ত মেনে মাসুম, তানভীর, রানা ও রাসেলের পরিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ও মুগদা থানায় পৃথক জিডি দায়ের করেছে। আল-আমিনের পরিবার ভাটারা থানায় জিডি ও কারও নাম উল্লেখ না করে মামলা করেছে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিখোঁজদের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।