রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের বাজাজ মোটরসাইকেল শো-রুমের সামনে শুক্রবার সকালে ট্রাক চাপায় নকুল কুমার রায় (৩৫) নামে এক মোটর সাইকেল মেকার নিহত হয়েছেন।
নিহত নকুল কুমার কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার রামকৃষ্ণ গ্রামের লক্ষী কান্ত রায়ের ছেলে। তিনি গোবিন্দগঞ্জে বাজাজ মোটরসাইকেল সার্ভিস সেন্টারের চাকুরি করতেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ বলেন, নকুল কুমার সকালে শো-রুম থেকে বের হয়ে মোটরসাইকেল নিয়ে শহরের মায়ামনি মোড়ের দিকে যাচ্ছিলেন। এমন সময় ওই এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, চালক পালিয়ে গেছে। তবে দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।