চেলসির হয়ে নতুন নতুন রেকর্ড নয় বরং স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লীগের শিরোপা ফিরিয়ে আনার দিকেই বেশি মনোযোগী হোসে মরিনহো, শিষ্যদের প্রতি এমন ইঙ্গিতও দিয়ে দিয়েছেন দ্য স্পেশাল ওয়ান।
গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মাধ্যমে ছয় পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মরিনহো বাহিনী। শনিবার নিউক্যাসেল সফরে গিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৪টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন ব্লুজদের সামনে। জিততে পারলে নতুন ক্লাব রেকর্ডও হবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই মাইলফলক নিয়ে মোটেই উচ্ছসিত নন ব্লুজ বস মরিনহো। তিনি বারবারই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন ২০১০ সালের পরে শিরোপা ফিরে পাবার জন্যই এখন তাদের মূল লড়াই। নিউক্যাসেলে অপরাজিত থাকার রেকর্ড সম্পর্কে তার শিষ্যরা অবগত নয় বলেই মরিনহো জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেন, খেলোয়াড়রা রেকর্ড সম্পর্কে জানে না। এমনকি কেউ যদি বারবার না বলতো তবে আমারও এ সম্পর্কে কোন ধারণা ছিল না। আমি রেকর্ড নিয়ে কখনই ভাবি না। রেকর্ড যদি কিছু হয় তবে সেটা আমি চেলসির হয়ে তিনবার শিরোপা জিততে চাই। আমি রেকর্ডেও দিকে তাকাই না, আমার মধ্যে শুধুমাত্র পয়েন্ট, জয় এবং সম্ভব হলে মৌসুমের শেষে শিরোপাই প্রাধান্য পায়।