ভারতের অর্থায়নে রাসিকের বিভিন্ন প্রকল্প

 
ভারত সরকারের আর্থিক সহায়তায় নগরীর প্রাচীন মঠ-মন্দির, বিজিবি ক্যাম্প থেকে বিসিক ও উপ-শহর হয়ে সপুরা পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক আধুনিকায়ন ও ফুটপাথ নির্মাণের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন।
এ লক্ষ্যে শনিবার উপ-শহর নিউ মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সাথে নগর ভবনে মতবিনিময় করেছেন রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় মেয়র প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা কামনা করে অবৈধ দোকান অপসারনের অনুরোধ জানান। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে উপ-শহরের পরিবেশ আরও সুন্দর হবে। অনেক ব্যবসায়ী পুনর্বাসিত হবেন। এছাড়া উপ-শহরে রাসিকের একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, উপ-শহর নিউ মার্কেট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আবুল হাসান, রেজাউল করিম রাজু, ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।