খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় মানিকছড়ি কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী (৪০) নিহত ও জনসংহতি সমিতির মানিকছড়ি উপজেলা সভাপতি মংসাথোয়াই মারমা (৫০) ওরফে জাপান বাবু গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত পোনে ৮টার দিকে মানিকছড়ি বাজারের রাজপাড়ায় জনসংহতি সমিতি সভাপতি জাপান বাবুর নিজ বাড়িতে ঢুকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন হাইস্কুলের প্রধান শিক্ষক। গুরুতর আহত গুলিবিদ্ধ জনসংহতি সমিতি (জেএসএস) নেতাকে উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, কলেজিয়েট হাইস্কুলের প্রধান শিক্ষক চিংসামং চৌধুরী জেএসএস নেতার বাড়িতে ভাড়া থাকতেন। তারা ঘটনার সময় জাপান বাবুর ঘরে বসে গল্প করছিলেন।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লক্ষিছড়ি থানার জনসংহতির সমিতির সভাপতি জোতিষ দেওয়ান অভিযোগ করেন ইউপিডিএফ এর রতন বসুর নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে ইউপিডিএফ এর নির্ভরযোগ্য সূত্রে জানিয়েছে তারা কিংবা তাদের দল এ ঘটনায় জড়িত নয়।
এদিকে গুইমারায় সন্ধ্যায় আশুতোষ ত্রিপুরা (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।
মাটিরাঙ্গা থানার ওসি নুর মোহাম্মদ জানান, আশুতোষ ত্রিপুরাকে প্রথমে তাকে মাটিরাঙ্গা হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়া হয়। গুইমারার ভুঁইয়াপাড়া পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।