হকিতে তরুণদের টানা ৪ জয়

 
বাংলাদেশের অনূর্ধ্ব-২১ দলের তরুণরা জুনিয়র এএইচএফ কাপে টানা চার ম্যাচ অপরাজিত। রাউন্ড রবিন লিগে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়ে বীরের মতো জয় পেয়েছে তরুণরা ।
মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। 
নিজেদের তৃতীয় ম্যাচে ওমানকে ৭-০ গোলে হারিয়ে ২০১৫ সালের জুনিয়র এশিয়া কাপের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের রোমান  ও রাব্বী দুটি করে গোল করেন। মিলন , কৌশিক ও আশরাফুলএকটি করে গোল পেয়েছেন।
প্রথমার্ধেই চার গোল করে বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে অধিনায়ক সারোয়ার হোসেনের বাড়ানো বল হিট করে দলকে প্রথম এগিয়ে দেন মিলন। চার মিনিট পর কৌশিক ব্যবধান দ্বিগুণ করেন। এশিয়ান হকি ফেডারেশন কাপের এই আসরে এখনও কোনো গোল খায়নি বাংলাদেশ। 
নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। আর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ১০-০ গোলের জয় পায় তারা।
প্রথম ও দ্বিতীয় স্থান নির্ধারণী খেলায় রবিবার ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।