মানিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে শিক্ষক নিহত, মাটিারাঙ্গা ও পানছড়িতে তিনজন গুলিবিদ্ধ

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শনিবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তের গুলিতে চিংচা মং চৌধুরি (৪৫) নামে স্থানীয় এক স্কুলশিক্ষক নিহত ও জনসংহতি সমিতির (সন্তু লারমা) উপজেলা সভাপতি মংসাজাইং মারমা ওরফে জাপান বাবু (৫৫) গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা সদরে দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আশুতোষ ত্রিপুরা (৩৫) নামে জেএসএসের এক সদস্য এবং পানছড়িতে রমজান আলী (৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম(৪৫) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে মানিকছড়ি উপজেলা সদরের  রাজবাড়ি এলাকার আকাশপুরি নামক স্থানে নিজ বাসায় বসে জেএসএসের উপজেলা সভাপতি মংসাজাইং মারমা ওরফে জাপান বাবু তার আত্মীয় ও মানিকছড়ি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক চিংচা মং চৌধুরি গল্প গুজব করছিলেন। এ সময় ৭/৮জন সশস্ত্র সন্ত্রাসী ঘরের ঢুকে এলোপাতারি গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। গুলিতে চিংচা মং চৌধুরি ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় জাপান বাবুকে মানিকছড়ি হাসপাতালে নেয়ার পর তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার জন্য জেএএস(সন্তু লারমা) ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করেছে। জেএসএসের গুইমারা থানার আহবায়ক জংমং মারমা অভিযোগ করে বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা জাপান বাবুকে হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ইউপিডিএফের সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এদিকে এ হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে স্থানীয় সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। সেনাবাহিনীর টহল বের করা হয়েছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। উল্লেখ্য, গত বছর ৪ নভেম্বর একই কায়দায় গুলি চালিয়ে সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা সভাপতি ফেসকা মারমাকে খুন করা হয়। এ খুনের ঘটনার জন্যও ইউপিডিএফকে দায়ী করা হয়। এদিকে আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে মাটিরাঙ্গা সদরের ভুইয়াপাড়া এলাকায় উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে আশুতোষ ত্রিপুরা নামে জেএসএসের এক সদস্য আহন হন। জানা যায়, তিনি একটি রিকসাযোগে বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। এ সময় দুই সন্ত্রাসী মোটরসাইলে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আশুতোষ গুলিবিদ্ধ হয়ে রিকসা থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। আশোতোষকে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস (সন্তু লারমা)। অন্যদিকে জেলার পানছড়িতেও রাতে উপজাতীয় সন্তাসীদের গুলিতে স্বামী স্ত্রী আহত হয়েছেন। জানাযায় পানছড়ির হলধরমগ পাড়ায় রাত পৌনে ৮টার দিকে বাসায় ঢুকে অস্ত্রধারী সন্ত্রাসী এলোপাতারি গুলি বর্ষণ করলে গৃহকর্তা রমজান আলী(৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম(৪৫) গুলিবিদ্ধ হয়ে আহত হন। কি কারণে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে তা জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানান, ইউপিডিএফের সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে। এ ঘটনার প্রতিবাদে রাতে পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।