বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হলে গণশিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সোমবার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রকলা প্রাঙ্গণে শিক্ষা মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গণশিক্ষায় পিছিয়ে নেই, তার উদাহরণ বগুড়ার শিবগঞ্জের আমতলী মডেল স্কুলের শিক্ষার্থীদের মেলায় অংশগ্রহণ। সকল অভিভাবককে ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাব ও বগুড়া আমতলী মডেল স্কুল আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা মেলায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম মাইদুল ইসলাম, আমতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী, বিশিষ্ট কলামিস্ট গবেষক আলহাজ লায়ন মীর আব্দুল আলীম, সোনারগাঁও ইউনিভার্সিটির পরিচালক শামিম মাহাবুব, বিশিষ্ট শিল্পপতি শাহিন স্বপন।
এ সময় শিক্ষা বিষয়ের উপর “শান্তি পাইলাম নারে” ও “বাংলাদেশের জন্মকথা” নামের দুটি সিডি উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করা হয়। মেলার দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও ২৭ ফেব্রুয়ারিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।