আড়াইহাজারে কুকুর গরুকে কামড়ানো নিয়ে সংঘর্ষ

কুকুরে গরু কামড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী গ্রামে এ ঘটনা ঘটে। গরুর মালিক ফজলে করিম জানান,  রবিবার দুপুরে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য বাড়ির পাশে চকে রেখে আসেন তিনি। এর কিছুক্ষণ পর একই গ্রামের জালাল কসাইয়ের একটি পালিত কুকুর ওই গরুটিকে কামড়ে দেয়। এ ঘটনা জানতে পেরে গরুর মালিক ফজলে করিমের ছেলে সোহেল বাবু দৌড়ে গরুটির কাছে যায়। গরুর পাশেই কুকুরটিকে দেখতে পেয়ে তাকে তাড়ানোর জন্য সে একটি লাঠি দিয়ে কুকুরটিকে আঘাত করে। পরে সে গরু নিয়ে বাড়ি চলে আসে।

এ দিকে কুকুরকে পেটানোর কথা শুনে জালাল কসাইয়ের ছেলে শাওন ক্ষিপ্ত হয়ে ফজলে করিমের বাড়ি এসে তাকে লাঠি দিয়া মাথায় আঘাত করে।  এতে তার মাথা ফেটে যায়। এ নিয়ে  উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।  আহত ফজলে করিম, সোহেল, সুমা, রুমা, সামেরুন, খোকা মিয়া, শাওন, শিউলি ও আঃ আউয়ালকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ফজলে করিমের ছেলে সোহেল বাবু বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।