ঝুঁকি নিরসনে পাশে থাকতে চায় সিএসই

 
বিনিয়োগকারীদের কাছে নতুনভাবে পৌঁছাতে চায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রবিবার সিএসই’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিন বলেছেন, আমরা বিনিয়োগকারীদের সমস্যা জেনে তা সমাধান করার পাশাপাশি বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতে কাজ করবো। তবে ঝুঁকি কমাতে বিনিয়োগকারীদেরও সচেষ্ট থাকতে হবে। সিএসই’র ঢাকাস্থ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের আস্থার অভাবের কথা উল্লেখ করে সিএসই’র এমডি বলেন, বাজারে যেসব কারণে আস্থার অভাব তৈরি হয়েছে তার সবই অমূলক নয়। তাই এ বিষয়গুলো সমাধান করেই তাদের আস্থা সৃষ্টি করতে হবে।
ওয়ালি-উল-মারুফ মতিন আরও বলেন, কেউ যদি বাজারে জুয়া খেলতে চায় এবং গুজবের ভিত্তিতে শেয়ার ক্রয় করেন তবে তার দায়ভার তাকেই নিতে হবে। তবে পুঁজিবাজারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জুয়াড়িরা টিকে থাকতে পারবে না। দীর্ঘ মেয়াদে প্রকৃত বিনিয়োগকারীরাই জয়ী হবেন।