‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’র আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট খোকন সাহা।
মামলায় বাদীসহ সালমা ওসমান লিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান দিপু, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সভাপতি খালেদ হায়দার খান কাজলকে সাক্ষী করা হয়েছে। আদালত আগামী ১ জানুয়ারি নিজে অথবা আইনজীবীর মাধ্যমে রফিউর রাব্বিকে আদালতে হাজির থাকার সমন জারি করেছে।
মামলার বিবরণীতে বলা হয়েছে, গত ৫ ডিসেম্বর বিকেল ৫টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় সন্ত্রাস নির্মূলে ত্বকী মঞ্চের ব্যনারে সমাবেশে সভাপতির বক্তব্যে রফিউর রাব্বি ২নং সাক্ষী সালমা ওসমান লিপির স্বামী শামীম ওসমানের শ্বশুরকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছেন। যা পরের দিন বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। রফিউর রাব্বির এ ধরনের বক্তব্যে সাক্ষী সালমা ওসমান লিপির সামাজিক, মানসিক ও আর্থিক ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি মানহানিও ঘটেছে।