সাত বছরে ৫০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্য: বিজিএমইএ

 
আগামী সাত বছরে পোশাক খাত থেকে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। তবে এ লক্ষ্য অর্জনে রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্বল অবকাঠামো, দক্ষ শ্রমিকের অভাব এবং গার্মেন্টসের ভাবমূর্তি পূনরুদ্ধার আর ব্যাংকের সুদের হারকে প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রবিবার ঢাকা অ্যাপারেল সামিটে একাধিক কর্ম অধিবেশনে তারা এমন মত দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এ সামিট শুরু হয়েছে। এতে পোশাক খাত সংশ্লিষ্ট দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস ব্যাংকের উচ্চ সুদ হার নিয়ে হতাশা প্রকাশ করেন। এশিয়ার অন্যান্য দেশের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশে ব্যাংক ঋণের সুদের হার সবচেয়ে বেশী। প্রতিযোগিতায় টিকতে না পেরে ইতিমধ্যে ৫০০ কারখানা বন্ধ হয়ে গেছে, আরো ৫০০ বন্ধ হওয়ার পথে। এ খাতের অন্যান্য প্রতিবন্ধকতা তুলে ধরে তিনি বলেন, এ অবস্থা চলতে থাকলে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রফতানি আয় সম্ভব হবে না।
শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশের রফতানি ৫০ বিলিয়ন ডলার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর কত অংশ বাংলাদেশ, আর কত অংশ শ্রমিক পাবে। তিনি বলেন, দেশ ও শিল্প রক্ষা করতে হলে শ্রমিকদেরকেও টিকিয়ে রাখতে হবে।