মুক্তিযোদ্ধা ওলিয়ারের খুনিদের ফাঁসি ও গডফাদারদের নাম প্রকাশের দাবিতে

আগামী বুধ ও বৃহস্পতিবার নওয়াপাড়ায় হরতাল

অভয়নগর উপজেলা আওয়ামী লীগ নেতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকান্ডের প্রতিবাদে, হত্যাকারিদের ফাঁসি ও গডফাদারদের গ্রেফতারের দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার (১০ ও ১১)ডিসেম্বের) অভয়নগর উপজেলা সদর নওয়াপাড়ায় ৩৬ ঘন্টার হরতাল আহ্বান করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নওয়াপাড়া নূরবাগে এক সমাবেশ থেকে এ হরতালের ডাক দেওয়া হয়। ‘ওলিয়ার রহমান হত্যার বিচারের দাবিতে সংগ্রাম কমিটি’ এ সমাবেশের আয়োজন করে।

গতকাল রোববার বিকেলে এ  সমাবেশটি নওয়াপাড়া নূরবাগ এলাকায় যশোর-খুলনা মহাসড়কের ওপর অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে প্রায় দেড় ঘন্টা ধরে সমাবেশের দুই পাশে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে। সংগ্রাম কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের  সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল হক মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সানা আব্দুল মান্নান, সরদার অলিয়ার রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, বিএনপি নেতা ফ ম আলাউদ্দিন, মশিয়ার রহমান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) উপজেলা সভাপতি আব্দুল জব্বার মোল্যা, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা ফারুক আহমেদ নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন প্রমুখ। সমাবেশে আগামী বুধবার নওয়াপাড়ায় সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘন্টার হরতালের ঘোষণা দেওয়া হয়। অভয়নগর থানার ওসি সন্ত্রাসীদের গেফতার করতে ব্যর্থ হওয়ায়  সমাবেশে বক্তারা তার অপসারণ দাবি করেন। শেষে একটি মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর প্রতিনিধি, বারোটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদ এবং নওয়াপাড়া ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানকে (৬২) গত ২৩ নভেম্বর উপজেলা পরিষদের নিকটে নওয়াপাড়া বাইপাস সড়কে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।