রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর স্কুল এন্ড কলেজ থেকে নগরীর মতিহার থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
জানা গেছে, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের আহবানে রাত ৮টার দিকে তারা মির্জাপুর স্কুল এন্ড কলেজে মিলিত হয়। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ঘিরে রেখে থানায় খবর দেয়। রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আটক ছাত্রদলের নেতাকর্মীরা রাতের আধারে মির্জাপুর স্কুল এন্ড কলেজে গোপন বৈঠক করছিল। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ঘিরে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটক ছাত্রদলের নেতাদের থানা হেফাজতে রেখে গোপন বৈঠকের কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।