ছিটমহল সমস্যা সমাধানের মাহেন্দ্রক্ষণে লালমনিরহাট জেলার পাটগ্রামের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের তিন নেতাকে গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর ঘটনায় ছিটমহলের অধিবাসীরা গতকাল রবিবার প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ করেছে। তারা আগামী তিন দিনের মধ্যে নেতাদের মুক্তি না দিলে তীব্র আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, ভারতের কোচবিহার জেলার নয়ারহাট থানার বসকোটাল সীমান্তে গত ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা অনুষ্ঠিত হয়। ভারতীয় ছিটমহলের একটি প্রতিনিধি দল ওই জনসভায় অংশ নিতে সীমান্তে গেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পুলিশ তাদের আটক করে। এরা হলেন ছিটমহল ইউনাইটেড কাউন্সিলর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মতিন রুমি, ১১৯নং বাঁশকাটা ছিটমহলের নেতা মকছুল হক ও ৫নং জামালদহ বালাপুকুরী ছিটমহলের নেতা সেলিম হোসেন। পরে মিথ্যা মামলায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাটগ্রাম উপজেলায় অবস্থিত ভারতীয় ৪নং বড় খেঙ্গির ছিটমহলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আন্দোলনের ঘোষণা দেন ছিটমহলের বাসিন্দারা।