কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা এনামূল নিহত

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) আঞ্চলিক প্রধান এনামুল হক (৩৫) নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার ভাঙা বটতলার শহিদুল ইসলামের ইটভাটার কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, শনিবার রাত তিনটার দিকে ৭-৮ জন চরমপন্থি শহিদুল ইসলামের ইটভাটায় চাঁদা নিতে আসে। এমন খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে যৌথ অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা গোলাগুলির পর চরমপন্থিরা পিছু হটে। পরে গুলিবিদ্ধ এনামুল হককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, নিহত এনামুল হক মিরপুরের মালিহাদ ইউনিয়নের আসাননগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন থানায় ৭টি হত্যাসহ মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় সে ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল।