যশোরে সহকারী কমিশনারের বিরুদ্ধে স্ত্রীর মামলা

স্ত্রীকে পিটিয়ে জখম এবং হত্যা চেষ্টার অভিযোগে যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের বিরুদ্ধে  কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তার স্ত্রী কারিনী তনিমা আহমেদ রবিবার সন্ধ্যায় মামলাটি করেছেন। সহকারী কমিশনার ছাড়াও এই মামলার অন্য আসামি হলেন তার মা নূর আক্তার সাজ্জাদ।

এজাহারে তনিমা আহমেদ উল্লেখ করেছেন, গত ১ নভেম্বর রাতে ঘুমানোর আগে সাজ্জাদ  তার সাথে অনেক গল্প করে। এরপর হঠাত্ তাকে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা চালায়। তিনি কোনোরকমে বালিশ ফেলে দিলে তাকে সে পিটিয়ে জখম করে এবং হত্যার হুমকি দেয়।

এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গত ১০ নভেম্বর এবং ১ ডিসেম্বর দু’দফা সালিশ হয়েছে। কিন্তু কোনো সুফল না হওয়ায় তিনি মামলাটি করেছেন বলে এজাহারে উল্লেখ করেন।