পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আগামী ৫ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
জানা গেছে, সিরাজদিখানে আদালত একটি নদী ভরাট বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। দখল, মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের ওপর স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। কিন্তু আদেশ জারির পরও কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তাও আদালতকে জানানো হয়নি। শুনানিতে বিষয়টি অবহিত করা হলে আদালত ইউএনওকে নথিপত্রসহ ৫ জানুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন।