নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বসত ঘর। সোমবার সকাল আটটা হতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি এলাকাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব শুত্রুতার জের ধরে পূর্বকান্দি গ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আম্বার আলীর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়ার সোমবার সকালে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যর উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে লিয়াকত, সামসু, রব মিয়া, মোতাহার, রহিমা নামের পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছেন যাদের মধ্যে মোতাহার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গুলিবিদ্ধ অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহত আরো ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষের সময়ে উভয় পক্ষের অন্তত ২০টি বসত ঘর ভাঙচুর করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।