শার্শায় ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

যশোরের শার্শায় ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মী তুজাম (৪০) মারা গেছেন। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চারদিন আগে তিনি হামলার শিকার হন। তুজাম শার্শার নাভারণের দক্ষিণ বুরুজবাগানের সিরাজুল ইসলামের (সিরাজ) ছেলে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ আরো কয়েকজনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, শালিস বৈঠকে কথা কাটাকাটির জের ধরে গত বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদারের সমর্থকদের সাথে নাভারণের কামারবাড়ি মোড়ে যুবলীগ কর্মী তুজামের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের তিন থেকে চার জন আহত হন। এদের মধ্যে মারাত্মকভাবে আহত হন তুজাম। তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর অবস্থার উন্নতি না হলে ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসকরা। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এদিকে, তুজাম মারা যাওয়ার ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা শার্শা উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রহিম সরদার, উপজেলা ছাত্রলীগ নেতা সোহান, অনিকসহ কয়েকজন ছাত্রনেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।