মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে দ্বিতীয় শীর্ষ বৈঠক হচ্ছে কাল বুধবার। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দিনব্যাপী এই বৈঠক হবে। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ এবং উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে। তবে পরমাণু অস্ত্র নিয়ে চূড়ান্ত চুক্তি হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। খবর আল-জাজিরা ও রয়টার্সের
দ্বিতীয় বৈঠকে কোরীয় যুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলা শত্রুতার অবসান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় যুদ্ধ শেষ হলেও আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি। এবারের বৈঠকে সেই ধরনের চুক্তি হতে পারে। সিঙ্গাপুরে প্রথম বৈঠকের ৮ মাস পর প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় বৈঠক হচ্ছে। প্রথম বৈঠকে তারা উভয়ই পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার করেছিলেন। তবে সেই অঙ্গীকারের খুব সামান্যই পূরণ হয়েছে।
ভিয়েতনামের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, কিমের সঙ্গে তার সামনাসামনি দেখা হয়েছে। তাদের মধ্যে একটি ভাল সম্পর্ক তৈরি হয়েছে। প্রথম বৈঠকের পর উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়নি। এটা বড় সফলতা। তিনি বলেন, আমি এখনই চূড়ান্ত চুক্তির স্বপ্ন দেখছি না। তারা পরীক্ষা না চালালেই আমরা খুশি। প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেন, এই বৈঠক অনেক ফলপ্রসূ হবে। তিনি উত্তর কোরিয়ার ওপর সুর নরম করেছেন। দেশটির ওপর চলা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণাও দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প-এমন আশাও করা হচ্ছে। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের চেয়ে নিষেধাজ্ঞার বিষয়টিকে গুরুত্ব দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম।