চকবাজারে অগ্নিকাণ্ডের পর রাসায়নিক কারখানা নিয়ে নিজের দায় এড়াতেই সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তার উপর দায় চাপাচ্ছেন বলে দাবি করেছেন সাবেক আরেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পুরান ঢাকার নিমতলীতে ২০১০ সালে রাসায়নিক কারখানা ও গুদামে সৃষ্ট আগুনে শতাধিক মানুষের মৃত্যুর সময় শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। ওই অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরিয়ে নেওয়ার সুপারিশ হলেও তার বাস্তবায়ন হয়নি। এর মধ্যে গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে আবার উঠে আসে রাসায়নিকের গুদামের বিষয়টি।
শনিবার ১৪ দলের প্রতিনিধি দলের সঙ্গে চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে দিলীপ বড়ুয়া এই ঘটনার জন্য তার পরবর্তী শিল্পমন্ত্রী আমুকে দোষারোপ করেছিলেন। শেখ হাসিনার ২০১৪ সালের সরকারে শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু। গতকাল সোমবার আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ঢাকার ইস্কাটনে তার বাড়িতে সংবাদ সম্মেলন করে দিলীপ বড়ুয়ার বক্তব্যের জবাব দেন। কেন আপনার দোষারোপ করেছে- জানতে চাইলে আমু বলেন, ‘কোনো প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, সে জন্য এডভান্স এড়িয়ে যাওয়ার চেষ্ট করেছে।’