গোপালগঞ্জে চালকের হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

গোপালগঞ্জে মাহেন্দ্র চালক ফরিদ মোল্লার (৩৫) হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে  গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাটকেলবাড়ী বাজারের কাছে এই ঘটনা ঘটে। ফরিদ  গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শশাবাড়িয়া গ্রামের আবু বক্কর মোল্লাার ছেলে। 
আহত ফরিদ বলেন, দুপুরে মাহেন্দ্র চালিয়ে পাটকেলবাড়ী বাজারে যাচ্ছিলাম। পথে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মাহেন্দ্র থামিয়ে আমাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে ডান পায়ের উরুর হাড় ভেঙে দেয়। তারপর বাম হাত ও দুই পায়ের রগ কেটে তারা পালিয়ে যায়। 
প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড হাসাপাতালে ভর্তি করা হয়। পরে সংকটজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির এসআই ইদ্রিস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, গ্রামের  দলাদলি ও মাহেন্দ্র চলাচল নিয়ে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে।