সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর এলাকায় গতকাল সোমবার স্থানীয় সন্ত্রাসী গ্রুপ সোলায়মান উদ্দিন জিসান বাহিনীর সাথে সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি।
এসময় পুলিশ কনস্টেবল আবদুল কাদের, মাইনুল ইসলাম, আবুল কাশেম ও মাছুম উদ্দিনসহ আটজন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। গুলিবিদ্ধ রাসেলকে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। জিসানের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।