বঙ্গবন্ধু সেতুর উপর পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আট জন। সোমবার গভীর রাতে সেতুর ৩৩ ও ৩৮ নম্বর পিলারের কাছে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুরগি বোঝাই একটি পিকাপভ্যান রাত চারটার দিকে সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে একই দিক থেকে আসা একটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকাপভ্যানে থাকা এক মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তিন জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস রাত তিনটার দিকে একই দিকে থেকে আসা একটি ট্রাককে পিছন দিকে থেকে ধাক্কা দিলে বাসটির পাঁচ যাত্রী আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।
বঙ্গবন্ধু থানার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত চারটি যানের মধ্যে তিনটি উদ্ধার এবং আটক করা হয়েছে। একটি যান আটক করা যায়নি।