টেকনাফে মানব পাচারকারী দম্পতি আটক

সাগর পথে মানব পাচারের শীর্ষ দালাল শাকের ও তার স্ত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার বাড়ি থেকে দেশীয় তৈরী অস্ত্র ও মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে টেননাফের সাবরাং মুন্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবির সুত্রে জানা গেছে, প্রকাশ শাকের মাঝির সাবরাং মুন্ডার ডেইল এলাকার বাড়িতে সাগর পথে মানব পাচারের শীর্ষ দালাল ও একাধিক মামলার পলাতক আসামি শাকের মিয়া অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে বিজিবি’র একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে মানব পাচারকারী ওই দম্পতিকে আটক করে। এ সময় তার স্ত্রী জাহেদা বেগমকেও (১৯) আটক করা হয়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়ারড্রপ’র ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দেশীয় তৈরী একটি আগ্নেয়াস্ত্র ও মিয়ানমারের ‘আন্দমান’ নামে একটি বিয়ার উদ্ধার করা হয়। আটক শাকের সাবরাং চান্দলী পাড়া বাসিন্দা।
শাকের আলী রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সাগর পথে অবৈধভাবে মানব পাচার করে কোটি টাকার মালিক হয়েছেন। মন্ত্রণালয়ের মানব পাচার তালিকায় তার নামও রয়েছে। তার বিরুদ্ধে সাগর পথে মানব পাচারসহ অবৈধ অস্ত্র দিয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অস্ত্রসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’